Image description

ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠেন শিল্পী খাতুন। পরিবারের জন্য রান্না করতে হয় তাঁকে। গ্যাসের সংযোগ ব্যবহারের সামর্থ্য না থাকায় মাটির চুলায় কাঠ জ্বালিয়ে চলে রান্নার কাজ। এরপর ছুটতে হয় গাজীপুরের একটি পোশাক কারখানায়। দিনভর পরিশ্রম করে যে অর্থ পান, তা দিয়ে চলে ছয়জনের সংসার। স্বামী বেকার। নিজের মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির দায়িত্বও তাঁর কাঁধে। অথচ মাস শেষে হাতে পাওয়া অর্থ দিয়ে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে। ২৭ বছর বয়সি এই পোশাকশ্রমিকের পাঁচ বছরের কর্মজীবনে আয় বেড়েছে। সঙ্গে বেড়েছে বাড়িভাড়া, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও। ফলে তাঁর জীবনে স্বস্তি আসেনি, বরং প্রতিদিনের জীবনযুদ্ধ আরও কঠিন হয়েছে। শিল্পী খাতুনের ভাষায়, ‘এখন সবকিছুর দাম বেড়েছে। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। মাস শেষে যা আয় করি, তার সবই খরচ হয়ে যায়।’

শিল্পীর মতো এমন দুর্বিষহ জীবন কাটছে দেশের হাজারো পোশাকশ্রমিকের। সকাল থেকে রাত পর্যন্ত কারখানায় কাজ করেও অনেকের পক্ষে পরিবারের সদস্যদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। কারও চিকিৎসা বন্ধ, কারও সন্তানের পড়াশোনা থেমে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে প্রতিনিয়ত খরচ কাটছাঁট করতে হচ্ছে খাবার, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। তাঁদের দাবি, বর্তমান বাজারদরে এ মজুরিতে সংসার চালানো অসম্ভব।

সংসার চলে মুড়ি-ভাত খেয়ে : শিল্পী খাতুনের পরিবারের সংকট কেবল আয়ব্যয়ের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো কোনো দিন খাবারের জোগান দিতেও হিমশিম খেতে হয়। কঠিন দিনগুলোয় তাঁর পরিবারকে মুড়ি খেয়ে থাকতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনশেড ঘরে বসবাস করেন তিনি। নিজের স্বাস্থ্যগত সমস্যা বাড়লেও গত তিন বছরে চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ হয়নি।

চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁর মাসিক বেতন ছিল ৯ হাজার টাকা। এখন পান ১৩ হাজার ৫০০ টাকা। ওভারটাইমসহ মাসে আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু পরিবারের সদস্যদের ভরণপোষণ, বাড়িভাড়া ও বাজার খরচ মেটাতে এ অর্থও যথেষ্ট হচ্ছে না। পরবর্তী বেতন পাওয়ার আগেই শেষ হয়ে যায় পুরো মাসের আয়।শুধু শিল্পী নন, আশুলিয়ার একটি পোশাক কারখানার ২৯ বছর বয়সি সেলাই অপারেটর রোকসানা পারভীনের জীবনেও একই চিত্র। দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সন্তানদের পুষ্টিকর খাবার দিতে পারছেন না তিনি। পরিবারের খাবারের তালিকায় বেশির ভাগ সময় থাকে ভাত ও সবজি। মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো। রোকসানা পারভীন বলেন, ‘কোনো কিছু কেনার আগে, এমনকি খাবার কেনার ক্ষেত্রেও আমাকে দুবার ভাবতে হয়। আমি জানি, আমার মেয়েদের আরও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। কিন্তু সেই সামর্থ্য আমার নেই। সংসারের ব্যয় কমাতে এক মেয়েকে স্কুল ছাড়াতেও হয়েছে।’ অর্থাৎ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ শুধু শ্রমিকের বর্তমান জীবনকেই বিপর্যস্ত করছে না, এর প্রভাব পড়ছে পরবর্তী প্রজন্মের শিক্ষা ও ভবিষ্যতের ওপরও। পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ৪ নভেম্বর সরকার গঠিত মজুরি বোর্ড ডিসেম্বর থেকে সংশোধিত মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী জানুয়ারিতে শ্রমিকদের প্রথম বর্ধিত বেতন পাওয়ার কথা রয়েছে। তবে মজুরি কতটা বাড়বে, তা এখনো চূড়ান্ত হয়নি। শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরে ন্যূনতম মজুরি বাড়ানো জরুরি। তাঁদের মতে, শুধু বেঁচে থাকার জন্য নয়, পরিবারের সদস্যদের পুষ্টি, চিকিৎসা, বাসস্থান ও সন্তানদের শিক্ষার নিশ্চয়তা দিতে হলে আয় বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব অপরিসীম। চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। কর্মসংস্থান হয়েছে ৪০ লাখের বেশি মানুষের।

এদিকে পোশাক কারখানার মালিকদের আশঙ্কা, মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়ের সুবিধা কমে যাবে। বিশেষ করে জ্বালানির বাড়তি ব্যয় ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে আগে থেকেই মুনাফার ওপর চাপ রয়েছে। মালিকদের যুক্তি, শ্রমিকরা মূল বেতনের পাশাপাশি প্রতি বছর ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাস পান। ফলে মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের সক্ষমতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। মানবিক জীবন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ : তবে পোশাকশিল্পের প্রতিযোগিতা-সক্ষমতা ধরে রাখার পাশাপাশি শ্রমিকদের জীবনমান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। যে শ্রমিকের শ্রমে-ঘামে দেশের রপ্তানি আয় বাড়ছে, সেই শ্রমিকের নিজের পরিবারের খাবার, চিকিৎসা ও সন্তানের শিক্ষার নিশ্চয়তা না থাকলে শিল্পের টেকসই উন্নয়ন নিয়েও প্রশ্ন থেকে যায়। শিল্পী খাতুন কিংবা রোকসানা পারভীনের মতো শ্রমিকদের কাছে মজুরি বৃদ্ধি কেবল বেশি টাকা পাওয়ার দাবি নয়। এটি পরিবারের সদস্যদের পুষ্টিকর খাবার দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা করানো এবং সন্তানদের স্কুলে পাঠানোর অধিকার নিশ্চিত করার লড়াই। তাঁদের প্রত্যাশা, এমন একটি মজুরিকাঠামো নির্ধারণ করা হবে, যাতে সারা দিনের পরিশ্রম শেষে অন্তত পরিবার নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ মেলে।