Image description

ভারত থেকে সিলেটে ঢুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের সমাবেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় ধাক্কা। উড়ো তথ্য আছে, আরও কয়েকজন নেতা একইভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে পারেন। এজন্য সিলেট সীমান্তে বিজিবি ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। 
সন্ধ্যা নামলেই প্রশাসন স্থানে স্থানে বসায় চেকপোস্টও।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন- রণজিৎ সরকার ফেরারি আসামি। সীমান্ত দিয়ে দেশে ঢুকে সে সমাবেশ করে যাওয়াকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনায় নেয়া হয়েছে। এমন ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও। রণজিতের ঘটনার পরপরই আইজিপি ভার্চ্যুয়ালি সভা করেছেন। ওই সভায় সিলেট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি ঘটনার প্রেক্ষিতে দেশের ভেতরে পুলিশ সহ গোয়েন্দাদের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন। বৈঠকে অংশ নেয়া সিলেট পুলিশের এক কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, আইজিপি’র নির্দেশনার পর পুলিশ সীমান্ত এলাকার কয়েক কিলোমিটার ভেতর পর্যন্ত নজরদারি বাড়িয়েছে। সীমান্তে বিজিবিও নজরদারি বাড়িয়েছে। পলাতক কোনো আসামি যাতে নিরাপত্তার বেষ্টনী ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে না ঢুকতে পারে সেজন্য এ নজরদারি বাড়ানো হয়েছে। গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক মোড়ল জানিয়েছেন- প্রতিটি সীমান্ত এলাকার প্রবেশমুখগুলোকে সব সময়ই নজরদারিতে রাখা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। বিজিবি তো সীমান্তে রয়েছে।

তিনি বলেন, গোপনে বা প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের কেউ যাতে কোনো তৎপরতা চালাতে না পারে সেজন্য পুলিশ সক্রিয়। এছাড়া ওই দিন রাতারগুলে যারা উপস্থিত ছিলেন তাদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এদিকে শুধু গোয়াইনঘাট সীমান্তই নয়, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট সীমান্তেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আইজিপি’র নির্দেশ ইতিমধ্যে মাঠ পর্যায়ের পুলিশকে দিয়েছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক। তার নির্দেশে সীমান্ত রুটগুলোতে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। রণজিৎ সরকার দেশে প্রবেশ করে সমাবেশ করে যাওয়ার ঘটনাকে খাটো করে দেখছেন না আইনজ্ঞরা। সিলেট মহানগর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মুমিনুল ইসলাম মুমিন গতকাল মানবজমিনকে জানিয়েছেন, পলাতক আসামি এসে সমাবেশ করে চলে যাওয়া সবার জন্যই থ্রেট। সীমান্ত পথ দিয়ে যেহেতু এসেছেন সে কারনে প্রতিটি সীমান্তেই নজরদারি বাড়ানো উচিত। ওই দিনের সমাবেশে যারা উপস্থিত ছিলেন মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। উপস্থিতিদের বেশির ভাগই হচ্ছেন সুনামগঞ্জ জেলার।

গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী মানবজমিনকে জানিয়েছেন, রাতারগুলের নির্জন স্থানে পলাতকদের সমাবেশ করা এটি সবারই ব্যর্থতা। এ বিষয়টি থেকে শিক্ষা নিয়ে আগামীতে যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন জানিয়েছেন- কোনোভাবে এই ব্যর্থতার দায় প্রশাসন এড়াতে পারে না। পলাতকরা লুকিয়ে সভা করে কী বুঝাতে চাচ্ছে। সাহস থাকলে তাদের প্রকাশ্যে এসে সভা করুক। এ ব্যাপারে প্রশাসনকে আরও বেশি সিরিয়াস হওয়ার আহ্বান জানান তিনি। গোয়াইনঘাটে বাসিন্দা ও অতিরিক্ত পিপি এডভোকেট নুর আহমদ জানিয়েছে, এ সমাবেশ আয়োজনের পেছনে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। একটি ঘটনাকে ভালোভাবে মোকাবিলা করতে পারলে ভবিষ্যতে আর হবে না বলে জানান তিনি।