Image description

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও জামগড়া ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির মুখে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েনসহ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, টানা শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড এবং সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই ধারায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের অর্থ হলো ‘নো ওয়ার্ক, নো পে’। অর্থাৎ এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

গতকাল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। তবে জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় কেউ কেউ আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় শ্রমিকরা বাড়ি ফিরে যান।
শ্রম আইনে কারখানা বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু। তিনি বলেন, এ ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হন। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে এবং আন্দোলন উস্কে দেয়ার আশঙ্কা তৈরি হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেক ভালো। অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। সকালে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। পরে আরও একটি কারখানার শ্রমিকদের বেরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। সব মিলিয়ে ছয়টি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। অধিকাংশ পোশাক কারখানা খোলা এবং শ্রমিকরা কাজ করছেন। দুই-একটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

তিনি বলেন, শ্রমিকদের আবেগকে পুঁজি করে কুচক্রী মহল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করেছে। কারখানার মালিক ও শ্রমিক নেতারাও সহযোগিতা করছেন।