Image description

‘ক্যাম্পাস সাংবাদিক এবং আমরা সহযোদ্ধা, জুলাইয়ের সহযোদ্ধা।’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নোবিপ্রবি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নাহিদ ইসলামসহ এনসিপি ও ছাত্রশক্তির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

 

মতবিনিময়কালে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও ঐতিহাসিক অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সমিতির সদস্যদের ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মূলত জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং সেই কঠিন দিনগুলোতে ক্যাম্পাস সাংবাদিকরা আমাদের সবচেয়ে বেশি সাহায্য ও সহযোগিতা করেছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ও সংগ্রামের স্বতন্ত্র ইতিহাস ও স্মৃতি রয়েছে, যা যথাযথ ডকুমেন্টেশন বা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা অত্যন্ত জরুরি।

 

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের অত্যন্ত অস্থির ও সংকটময় সময়েও সংবাদকর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করেছেন, তা জুলাই বিপ্লবের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ফ্যাসিবাদী ও কঠিন সময়েও শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত দাবির পক্ষে সংবাদমাধ্যমের এই সাহসী ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মতবিনিময় ও সাক্ষাৎ শেষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি নাহিদুল ইসলাম অতিথিদের হাতে সংগঠনের নিয়মিত বাৎসরিক ম্যাগাজিন ‘ফাউন্টেনপেন’ তুলে দেন। এ সময় এনসিপি ও ছাত্রশক্তির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।