শরীয়তপুরের জাজিরায় পলাতক স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির সময় পুলিশ উপস্থিত হলে, আয়োজনস্থল থেকে পালিয়ে গেছেন সেখানে জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জোড়া ব্রিজসংলগ্ন ফাঁকা রাস্তায় বড়কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতি চলছিল। সেখানে ১০ থেকে ১৫ জনের মতো ব্যক্তি জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে জাজিরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। ফলে কেক কাটার আগেই বন্ধ হয়ে যায় আয়োজন।
পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশ। সেগুলো উদ্ধার করে জাজিরা থানায় নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিকানা কিংবা এগুলো কারা ব্যবহার করছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মালিকানা এবং ঘটনাস্থলে জড়ো হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’