রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
দক্ষিণখানের মুন্সি মার্কেটের পানির পাম্প-সংলগ্ন মো. আতাউর রহমানের বাড়িতে রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনায় ঘটে।
ভুক্তভোগী আতাউর রহমান দক্ষিণখানের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। কিশোর গ্যাংয়ের সদস্যরা গুলি করে তার ছেলের একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এশিয়া পোস্টের হাতে এসেছে। ওই ফুটেজে দেখা যায়, কিশোর গ্যাং লিডার ফরহাদ বাহিনীর প্রধান ও গাওয়াইয়ের বাসিন্দা ফরহাদ হোসেন একটি রামদা হাতে নিয়ে আতাউর রহমানের বাড়িতে ঢোকে। তার সঙ্গে একটি বিদেশি পিস্তল হাতে নিয়ে ঢোকে মোল্লারটেকের মসলা মামুন ওরফে মামুন। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল। যাদের পরিচয় জানা যায়নি।
ভুক্তভোগী বিএনপি নেতা আতাউর রহমান এশিয়া পোস্টকে বলেন, 'কিশোর গ্যাং লিডার ফরহাদ হোসেন, মসলা মামুনসহ তাদের কয়েকজনের সঙ্গে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এর জেরে ফরহাদ, মামুন, রুবেল, বাবুসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার বাড়িতে ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়। পরে তারা বাড়িতে গুলি করে এবং আমার ছেলের পালসার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।'
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি। তিনি এশিয়া পোস্টকে বলেন, 'ঘটনাস্থলে আমাদের পুলিশ কাজ করছে। এ বিষয়ে এসি স্যার কথা বলবেন।'
পরবর্তীতে দক্ষিণখান জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবুল হোসাইনও কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এশিয়া পোস্টকে বলেন, 'মামলা হচ্ছে। আমরা অভিযান চালাচ্ছি। বিস্তারিত ওসি জানাবেন।’