ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জোরবাড়ীয়া ১৬ লাখ ৩১ হাজার টাকার এলজিইডি-আইপিসিপি প্রকল্পের আওতায় উপজেলার জোরবাড়ীয়া ডি-কাচারি পুকুর পুনঃখনন ও ঘাট নির্মাণ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
এ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই পুকুরের উত্তর পাশের কিছু অংশের মাটি ধসে পড়েছে। নির্মিত ঘাটে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুযায়ী পুকুরের কাজ সম্পন্ন হয়নি।
স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, ‘কাজটি সঠিক হয়নি। নির্মিত ঘাটে ফাটল দেখা দেওয়ায় পরে আবার সেগুলো মেরামত করেছে।’
সৈয়দ মামুনুর রশীদ নয়ন বলেন, ‘আমার নিজের অর্থায়নে এ পুকুর থেকে এবার দেড় লাখ টাকার মাটি খনন করিয়েছি। তারা পুকুরের তলা থেকে একটু মাটিও খনন করেনি, পুকুরের পাশ থেকে সামান্য মাটি কেটেছে।’
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘মাটি ভেকু দিয়ে চারদিকে দিয়েছে। বর্তমানে কিছু স্থানে মাটি ভেঙে নিচের দিকে চলে গেছে।’
উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, ‘এলজিইডি-আইপিসিপি প্রকল্পের ঘাট ও দুই পাশে বসার সিটের জন্য ৮ লাখ টাকা, মাটি কাটার জন্য ৫ লাখ টাকা এবং গাছ লাগানো ও পাড়ে ঘাস লাগানোর জন্য ২ লাখ টাকা বরাদ্দ ছিল। বর্তমানে কাজ চলমান রয়েছে। বর্ষার কারণে যেসব জায়গায় সমস্যা হয়েছে, সমস্যাগুলো দ্রুতই সমাধান করা হবে।’