Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের পর আগুন দেখে স্থানীয়রা এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার পর নগরের পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল চশমা হিলের বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি বাড়ির ওপর হামলা নয়, একটি পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত।

তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত দুই বছরে নওফেল ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে এটি চতুর্থ দফার হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হামলা চালানো হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।