Image description

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী অপচেষ্টা জনগণ প্রতিহত করবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম ও গণতান্ত্রিক রাষ্ট্র।’ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির অন্যতম সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা কাজী শাহ আলম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।