Image description

কালের কণ্ঠে ধারাবাহিকভাবে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের পর অবশেষে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নজরুল ইসলামকে জামালপুরে বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম এখনো শেষ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জামালপুরে বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে “৭৫ লাখের নিচের ঘুষে ‘ইজ্জত’ থাকে না তাঁর” ও ‘এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়!’ শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত একাধিক অনুসন্ধানী প্রতিবেদনে নজরুল ইসলামের বিরুদ্ধে সরকারের পূর্বানুমতি ছাড়াই জেলা পরিষদের এফডিআর ভেঙে ফেলা, ঘুষের বিনিময়ে একটি কারখানা কর্তৃপক্ষকে সরকারি জমি ইজারা দেওয়ার অভিযোগ, ঠিকাদারি লাইসেন্স করে দিতে অতিরিক্ত অর্থ দাবি এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের তথ্য উঠে আসে।

এসব অভিযোগ প্রকাশের পর গত ১৮ মে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের একজন পরিচালককে।

তবে অভিযোগ রয়েছে, পদে বহাল থাকা অবস্থায় নজরুল ইসলাম তার প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে তদন্ত কার্যক্রম দীর্ঘসূত্রতায় ফেলেন এবং তদন্ত এগোতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এ বিষয়ে সিইও নজরুল ইসলামের বক্তব্য নিতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।