লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় এক স্কুলছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারের পরদিন সোমবার সকালে ওই স্কুলছাত্রকে (১৪) আদালতে তোলা হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রামগতি থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার স্কুলছাত্র উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (আগস্ট) সন্ধ্যায় আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বলেন, মঙ্গলবার আসামির হাজিরা আছে। এজন্য আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন। কাল শুনানি শেষে তাকে গাজীপুরে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
তিনি বলেন, মামলার এজাহারে ওই স্কুলছাত্রের নাম দেওয়া হয়েছে বাচ্চু প্রকাশ রিপন এবং বয়স ১৯ বছর। তবে তার জন্ম নিবন্ধনের সঙ্গে নাম কিংবা বয়সের মিল নেই। এ ছাড়া আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান নাম সংশোধন করলেও বয়স দেখিয়েছেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন।
আইনজীবী সুমন বলেন, সে ছোট মানুষ, তার এখনও রাজনীতি করার বয়স হয়নি। এতে আমরা তার জামিনের জন্য মানবিক আবেদন করেছি। ছেলেটি এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হওয়ায় বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। সেই সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগানসহ জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ঝটিকা মিছিল করেন। এ ছাড়া তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় ৪ জুন রামগতি থানার এসআই ময়নাল হোসেন বাদী হয়ে ওই স্কুলছাত্রসহ ১২ জনের নামে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় ছেলেটিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তবে তার বয়স কম না বেশি তা তদন্তের বিষয়। এছাড়া জন্ম নিবন্ধনে বয়স যা আছে তাই লিখে দিতে প্রতিবেদককে বলেন তিনি।