Image description

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন শাওন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি দেওয়াকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল বুধবার শোডাউনের আয়োজন করে। এদিকে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ফুলবাড়ী উপজেলা এনসিপি। মিছিল শেষে সন্ধ্যার পর এনসিপির নেতাকর্মীরা নিজ গন্তব্যে ফিরছিলেন। এ সময় শহরের জিরো পয়েন্টে ছাত্রদলের এক গ্রুপ শাওনের ওপর হামলা চালায়।

আযান আহমেদ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, স্থানীয় ছাত্রদল নেতা হামিদুল, আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে তার ওপর এ হামলা চালানো হয়েছে।

এনসিপি ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় শাওনের নাকের হাড় ফেটে যায়। প্রাথমিকভাবে তাকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নেওয়া হয়েছে। থানায় অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি তবে আজ বৃহস্পতিবার অভিযোগ করা হবে।

ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে গিয়ে জানতে পেরেছি, এনসিপির মিছিল শেষে ছাত্রদলের ছেলেদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে আমরা একসঙ্গে আন্দোলন করেছি, রক্ত ঝরিয়েছি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, হামলার ঘটনায় এনসিপির পক্ষে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।