ঢাকার রমনা থানা যুবদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক নিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে সোমবার রাত আটটার দিকে মৌচাক এলাকায় রমনা থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বিলাল হোসেন তালুকদার ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতে নিয়ে যাওয়া মো. মোবারক হোসেন আকাশ জানান, রমনা থানা যুবদলের লুৎফরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি বিলাল ঘিরে ধরে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।