বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন-সরকারি দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে। শনিবার সকালে বরিশাল নগরীর কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর অনষ্ঠানে সভাপতিত্ব করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রক্ত দিয়ে তারুণ্যের শক্তিরা যে বিপ্লব করেছে, বিদ্যমান রাষ্ট্র ব্যাবস্থার পুরোপুরি বদলে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। ক্ষমতায় যারাই আসুক সাংবিধানিক কাঠামো যদি সংস্কার করা থাকে, যে ব্যক্তি যাবে সে যেন আর হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। আইন দিয়ে, সংবিধান দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে এমন করতে হবে যেই ক্ষমতায় যাক সে যেন জনগণের কাছে জবাবদিহি করতে ও মানবিক বৈষম্যহীন সমাজ গড়তে বাধ্য থাকে।
জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ার কারণে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন-প্রথম অধিবেশনেই জনগণ আশাহত হয়েছে। সরকার জনগণের ভাষা না বুঝে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিচ্ছে। সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামত উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এটা অপ্রয়োজনীয়।
রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে মন্ত্রী এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়ার ফলে সরকার গঠনের দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পরছে। সাংবিধানিক পথ সমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেয়া রয়েছে এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা গড়ে উঠতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিন সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এটিএম ফকরুদ্দিন খান রাজি।