Image description
খুলনা জেলা ছাত্রদল

খুলনা জেলা ছাত্রদলের কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে আহ্বায়ক ফিরোজ আহমেদকে। কমিটির যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে দীর্ঘ এক যুগের বেশি সময় পর হওয়া জেলা ছাত্রদলের এই কমিটি ঘিরে তুলকালাম চলছে।

বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক পত্রে এই দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।

তাজিম বিশ্বাসকে আহ্বায়ক, আরিফুর রহমান আরিফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।