Image description

প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। এতে আহবায়ক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির ও সদস্য সচিব একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো. উলফাতুর রহমান (রাকিব)।

শনিবার (৯ মে) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বছরের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রশক্তি।

নবগঠিত কমিটির সদস্য সচিব মো. ইসমাইল বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণকারী শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করেছি। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাগছাস গঠন করা হলেও নানা কারণে সেটি দীর্ঘস্থায়ী হয়নি। সেই ধারাবাহিকতায় নতুনভাবে ছাত্রশক্তির কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীবান্ধব কাজ করবে জাতীয় ছাত্রশক্তি।