যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার বেশকিছু বিশ্ববিদ্যালয় ও স্কুলে সাইবার হামলা হয়েছে। এর ফলে বছরের শেষের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়ে এসে ব্যাপক বিশৃঙ্খলা, বিভ্রান্তি এবং বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।
হ্যাকিং গ্রুপ শাইনি হান্টার এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এই হামলার ফলে হাজার হাজার স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ব্যবহূত একাডেমিক সফটওয়্যার ক্যানভাস এই সপ্তাহে অচল হয়ে পড়ে। গত বৃহস্পতিবার ক্যানভাসের মালিক প্রতিষ্ঠান ইন্সট্রাকচার তাদের ওয়েবসাইটে জানায় যে, ‘অধিকাংশ ব্যবহারকারীর জন্য ক্যানভাস আবার চালু হয়েছে।’ তবে শুক্রবারও কিছু বিশ্ববিদ্যালয় সেবা বিঘ্নের অভিযোগ জানিয়েছে। এই সাইবার হামলা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলকে লক্ষ্য করে চালানো হয়েছিল, যার প্রভাবে আনুমানিক ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া কাজ পুনরুদ্ধারের সুযোগ দিতে শুক্রবারের ফাইনাল পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ্যা বিভাগের শিক্ষার্থী অবরে পালমার বিবিসিকে জানান, তার স্ক্রিনে যখন মুক্তিপণের বার্তা ভেসে তখন তিনি মাত্রই ২ হাজার ৯০০ শব্দের একটি পরীক্ষার প্রবন্ধ শেষ করেছিলেন। বার্তাটিতে লেখা ছিল :‘শাইনি হান্টারস আবারও ইন্সট্রাকচারের নিরাপত্তা ভেঙে ঢুকেছে।’ এতে হুমকি দেওয়া হয় যে, ক্যানভাস বা ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়গুলো বিটকয়েনে মুক্তিপণ না দিলে চুরি করা তথ্য প্রকাশ করে দেওয়া হবে।
ইউনিভার্সিটি অব সিডনি শুক্রবার তাদের শিক্ষার্থীদের জানায় যে, ‘ক্যানভাস ব্যবহার করা যাচ্ছে না’ এবং তারা শিক্ষার্থীদের লগইন করার চেষ্টা না করতে নির্দেশ দেয়। বৃহস্পতিবার ইদাহো স্টেট ইউনিভার্সিটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টার পর নির্ধারিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। পেন স্টেট ইউনিভার্সিটি বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাঠানো এক বার্তায় জানায় যে ‘কেউই ক্যানভাসে প্রবেশ করতে পারছে না’ এবং পরবর্তী ‘২৪ ঘণ্টার মধ্যে সমাধান আসার সম্ভাবনা কম।’ বিশ্ববিদ্যালয়টি বৃহস্পতিবার ও শুক্রবারের কিছু পরীক্ষা বাতিল করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত এক আপডেটে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষার্থীদের জানায় যে, ক্যানভাসের এর মূল কোম্পানি ইন্সট্রাকচারের ‘সাইবার নিরাপত্তা লঙ্ঘনের কারণে অচল’ এবং তাদের দ্রুত লগ আউট করার পরামর্শ দেয়। ইউনিভার্সিটি অব টরন্টো জানায় যে, তারাও এই সাইবার হামলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এ-ও জানায় যে একাধিক বিশ্ববিদ্যালয় এতে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের শিক্ষার্থীরা ক্যানভাস প্ল্যাটফরমের মাধ্যমে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে সমস্যায় পড়ে।