জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মিল্লি কার্ড’ নামের একটি অভিনব প্রচারণামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আমিমুল ইহসান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট ও ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, জামালপুরে এনসিপি কার্ড নিয়ে হাজির। এত এত কার্ডের মধ্যে আমরা দিচ্ছি ‘মিল্লি কার্ড’। কার্ড সীমিত।
পোস্টের সঙ্গে তিনি একটি গুগল ফর্মের লিংকও যুক্ত করেন, যেখানে জামালপুর জেলার নাগরিকদের এনসিপির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ এটিকে সৃজনশীল রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর উদ্যোগ বলেও মনে করছেন।
এ বিষয়ে জামালপুর জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক মেয়র প্রার্থীর ‘আম কার্ড’ ঘোষণার উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়েই এ ধরনের পোস্ট করা হয়েছে। জামালপুরে তো ‘মিল্লি’ অনেক জনপ্রিয়। সেটা দেখেই এই প্রচারণা তৈরি করা।
মিল্লি হলো জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার। এই এলাকার সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই মিল্লি। মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু, খাসি অথবা মহিষের মাংস, চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরাসহ নানা প্রকার মসলা।
মিল্লি কিন্তু প্রতিদিনের খাবার নয়। কারও মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এ খাবার পরিবেশন করা হয়। অনেকে আবার এটাকে ম্যান্দা বা মিলানি নামেও ডাকেন।