Image description

কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব। এই ঘটনার প্রেক্ষিতে তাকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তাঁর সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।' পুলিশি হেফাজত ও ছাত্রদলের কঠোর এই সিদ্ধান্তের ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'উপরোক্ত ব্যক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।' মূলত দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেই এই ব্যবস্থা গ্রহণ করেছে সংগঠনটি।