বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রচারিত তথ্যে বলা হচ্ছে, সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তবে সংগঠনের একাধিক পদপ্রত্যাশী নেতা এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তারা বলেন, যারা এই ভুয়া কমিটির প্রচারণা চালাচ্ছে, তারা মূলত বিএনপির কেউ নয়। অধিকাংশ ক্ষেত্রেই ফেক আইডি থেকে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে আমানের কোনো উপকার হচ্ছে না, বরং তার ক্ষতিই হচ্ছে। আমানের বিরুদ্ধে এটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারেও বলে মন্তব্য করেন তারা।
ছাত্রদলের নতুন কমিটিতে সবচেয়ে বেশি সভাপতি পদে আলোচনায় রয়েছে আমান উল্লাহ আমান। ছাত্রদলের রাজনীতিতে আলোচনায় থাকা আমান উল্লাহ আমান বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পুলিশ হত্যা মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, আমি কারাগারে আমানকে দেখেছি। তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে—তার হাতের নখ পর্যন্ত তুলে ফেলা হয়েছিল। এরপর থেকেই মূলত আমান উল্লাহ আমান সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় চলে আসেন। এ ছাড়াও জুলাই আন্দোলনে আমান সম্মুখ সারিতে ছিলেন। যার কারণে সে সময়ও তাকে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়। ক্লিন ইমেজের আমান উল্লাহ আমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরও আস্থাভাজন।
বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা হয়। এ সময় পদপ্রত্যাশী নেতাদের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতা। আমান উল্লাহ আমানের সঙ্গেও কথা হয়েছে বলে জানা গেছে, তবে আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
নতুন কমিটি নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে আমান উল্লাহ আমান এশিয়া পোস্টকে বলেন, ছাত্রদলের নতুন কমিটি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে সংশ্লিষ্ট নেতারা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য বিশ্বাস না করতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় এক সভাপতি এশিয়া পোস্টকে বলেন, আলোচনায় থাকা নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয়, আমান এবং আবিদের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের অংশ হতে পারে।