Image description

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের একটি আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে তিনি হাতে করেই কাপড় নিয়ে বাসায় ফেরেন। এ সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ। পোস্টে দেওয়া ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে করে কয়েকটি কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন।

পোস্টে জাকির হোসেন শুভ লিখেছেন, আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগে ও বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল তাদের পক্ষ থেকে।

তিনি আরও লেখেন, আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাব না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। আমি মনে করি, গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ইফতারের পর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং শোরুমে গিয়ে তিনি মায়ের জন্য চারটি কাপড় কেনেন। বিল করার সময় প্রায় সাড়ে চার হাজার টাকা নেওয়া হলেও কাপড় দেওয়ার সময় কোনো ব্যাগ দেওয়া হয়নি।

তিনি বলেন, কাউন্টার থেকে তাকে জানানো হয় ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমি কাপড় নিয়ে চলে আসি।

তিনি আরও বলেন, মায়ের জন্য ম্যাক্সি কাপড় কিনতেই তাকে আড়ংয়ে যেতে হয়েছে। কারণ তার মায়ের মাপের ম্যাক্সি অন্য দোকানে পাওয়া যায় না। তবে তিনি নিজের জন্য কখনো আড়ং থেকে কাপড় কেনেননি বলেও জানান।