শুধু খাল খনন করলেই হবে না, কোন খাল কখন খনন করা হয়েছে, তার পূর্ণাঙ্গ রেকর্ড রাখতে হবে বলে মনে করেন নদী গবেষক তুহিন ওয়াদুদ। তিনি বলেন, খাল খননের নামে যেন বারবার সরকারি অর্থ ব্যয়ের সুযোগ তৈরি না হয়, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। খাল খনন কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিত এবং সরকারি অর্থের অপচয় রোধে শক্ত পদক্ষেপ নিতে হবে।
এই নদী গবেষক বলেন, খাল খননের ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন সব ধরনের রেকর্ড অনুযায়ী সীমানা চিহ্নিত করা। কিন্তু অনেক ক্ষেত্রে সীমানা নির্ধারণ করে খনন হয়নি। এতে সরকারের সদিচ্ছা থাকলেও কর্মসূচি বাস্তবায়নে কিছুটা ঘাটতি থেকে গেছে।
তিনি বলেন, ‘খাল মানে এগুলো কিন্তু কৃত্রিম খাল নয়, প্রাকৃতিক খাল। নদীর সংজ্ঞার দিক থেকেও এগুলো নদী হিসাবে বিবেচিত হতে পারে। তাই শুধু একটি খাল খনন করলেই হবে না, এর সঙ্গে অন্যান্য নদী ও জলাধারের সংযোগও পুনঃস্থাপন করতে হবে। এজন্য প্রয়োজন বৃহত্তর ও সমন্বিত পরিকল্পনা।’
খাল খননের বর্তমান সীমাবদ্ধতাগুলো পর্যালোচনা করে সরকারকে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থাপনার দিকে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ এটা তো আর এক দিনে শেষ হওয়ার কাজ নয়। এটা দীর্ঘদিন ধরে চলবে। ফলে সীমাবদ্ধতাগুলো আমরা আপাতত গঠনমূলক সমালোচনার দৃষ্টিতে দেখতে পারি।’ তুহিন ওয়াদুদ আরও বলেন, কোথাও কোথাও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একবার খনন করা খাল পাঁচ বছরের মধ্যেই আবার খননের আওতায় এসেছে। কোনো খাল তিন বা পাঁচ বছরের মধ্যে পুনরায় খননের প্রয়োজন হলে আগের খননকাজের গুণগত মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এক্ষেত্রে আগের খননকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নদী গবেষক তুহিন ওয়াদুদ বলেন, ‘এই খাল খননের একটি লক্ষ্য আছে নিশ্চয়ই। এই লক্ষ্যে পৌঁছাতে পারল কি না, সেটা পরের বছর থেকে জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ রাষ্ট্রের অর্থ ব্যয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী একটি আলাদা কর্মসূচি নিয়েছেন, এর অর্থ এই নয় যে, তোমরা টাকা নাও আর যেখানে পারো খাল খনন করো। এগুলো করলে কিন্তু প্রধানমন্ত্রীর একটি বিশেষ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করা হবে।’
তিনি বলেন, ‘এতগুলো টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। বলা হলো, এখানে পানি ধরে রাখা হবে। কিন্তু পরের বছর সেখানে কোনো পানি থাকল না। তাহলে সেটি কাজে আসবে না। আবার বলা হচ্ছে, পানি দ্রুত নেমে যাবে। কিন্তু পানি নেমে যাওয়ার জায়গা নেই-এ ধরনের বিষয়গুলোও আমাদের দেখতে হবে।’