Image description

প্রায় তিন মাসের ইন্টারনেট নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২৫ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার বরাতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। তবে কবে এবং কীভাবে আন্তর্জাতিক ইন্টারনেট পুরোপুরি চালু করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ সীমিত রাখা হয়েছিল।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, দেশটির অধিকাংশ মানুষ গত ৮৭ দিন ধরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। কেবল কিছু মানুষ ব্যয়বহুল ও উন্নত ভিপিএনের মাধ্যমে সীমিতভাবে সংযোগ ব্যবহার করতে পেরেছেন।

প্রথমে গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে ফেব্রুয়ারিতে কিছুটা স্বাভাবিক হলেও ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর আবারও কঠোর ইন্টারনেট বিধিনিষেধ আরোপ করা হয়।

 

ইরানে স্বাভাবিক সময়েও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে ব্যাপক নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ রয়েছে। অনেক ওয়েবসাইট সেখানে নিষিদ্ধ। একই সঙ্গে দেশটির কর্তৃপক্ষ ধীরে ধীরে অভ্যন্তরীণ ইন্টারনেটভিত্তিক সেবার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বর্তমানে অনলাইন পাঠক্রম পরিচালনায় এই অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহার করছে।