Image description

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে ডুবে আকাশ (১০) ও আরাফাত (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিক্যাল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম।

নিহতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ঢাকার একটি মাদ্রাসার ছাত্র মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে বরিশাল নগরীর ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আকাশ (১০)।

নিহত আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সাথে নগরীর বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় বাস করে। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাই।

অপরদিকে আরাফাত মল্লিক মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। কোরবানির ঈদ উপলক্ষে গতকাল ঢাকা থেকে বরিশালে তার (মাম) বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকুরে আসছিল। এরপর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের পুকুরের ঘাটলাতে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন।