Image description

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শুক্রবার ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সফরকালে পাকিস্তানি সেনাপ্রধান ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে এই সফর।

এদিকে আইএসএনএ জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বার্তা আদান-প্রদান সম্ভাব্য সমঝোতার একটি কাঠামো তৈরির লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

ইরান ইস্যুতে ‘ওয়ার পাওয়ারস’ ভোট বৃহস্পতিবার স্থগিত করেছেন রিপাবলিকান নেতারা। এ সিদ্ধান্তের সমালোচনা করে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মাইক লেভিন বলেছেন, সম্ভাব্য দ্বিদলীয় বিরোধিতা এড়াতেই ভোট পিছিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বললেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করবে। একই সঙ্গে তিনি ইরানের প্রস্তাবিত হরমুজ প্রণালি-তে টোল আরোপের পরিকল্পনাও নাকচ করে দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। তবে একটি চুক্তি হবে, নাকি আবারও সংঘাত শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সুইডেনের হেলসিংবর্গ শহরে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে রুবিও এ মন্তব্য করেন।