Image description

ইসরায়েলে জনসমাগমের ওপর সরকারি বিধিনিষেধ সত্ত্বেও ইরানের সাথে যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। খবর আলজাজিরা।

সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান লেখাসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। এ সময় তারা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান দেন।

ইসরায়েল-ফিলিস্তিন তৃণমূল পর্যায়ের সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’ এর সহপরিচালক অ্যালন লি গ্রিন বলেছেন, ‘পুলিশ আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। ইসরায়েলে সবসময়ই যুদ্ধ লেগে থাকে। এখন যদি আমাদের বিক্ষোভ করতে দেওয়া না হয়, তাহলে আমরা কখনোই কথা বলার সুযোগ পাব না।’

বিক্ষোভকারীরা সরকারের দেখানো যুদ্ধের কারণ নিয়েও সংশয় প্রকাশ করেন। সেসিল নামক ৬২ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘আমি যুদ্ধের কারণ নিয়ে অত্যন্ত সন্দিহান। আমার মনে হয় মূল কারণ হলো নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বিলম্বিত বা বন্ধ করতে চান।’

উল্লেখ্য, নেতানিয়াহু একটি দুর্নীতি মামলায় বিচারাধীন রয়েছেন এবং তিনি দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

সেসিল আরও যোগ করেন, ‘যুদ্ধের কারণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমরা জানি না, কোন বিষয়টিকে জয় বা পরাজয় হিসেবে গণ্য করা হবে, আর আমরা এটাও জানি না যে এই যুদ্ধ কতদিন ধরে চলবে।’