Image description

যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন জাল নথি, সিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ডিবির মিরপুর জোনাল টিমের একটি দল দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেটের দ্বিতীয় তলার একটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও মো. বাচ্চু মিয়া (৪৩)। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোনাহর আলী।

 

অভিযানে অংশ নেওয়া ডিবির সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাজার মার্কেটের দোতলায় ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে বাপ্পি ও বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিয়োগসংক্রান্ত ভুয়া কাগজপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোগোসংবলিত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল নিয়োগপত্র, ভুয়া পরিচয়পত্র, সিল, স্ট্যাম্প প্যাড, কম্পিউটার মনিটর, মোবাইল ফোন ও হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

 

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জাল নিয়োগপত্র ও অন্যান্য কাগজপত্র তৈরি করতেন। এ চক্রের আরও কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 
 

 

ডিবির মিরপুর জোনাল টিমের এসআই রাজিব মজুমদার জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে দারুস সালাম থানায় প্রতারণা, জালিয়াতি ও সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ডিবি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।