ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। অন্ধকার রাতে ধানখেতে ভেসে আসা কান্নার শব্দে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈইরাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে শিশুটির মা-বাবার পরিচয় জানা যায়নি। উদ্ধার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খৈইরাটি গ্রামের উজ্জ্বল নামে এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। কৌতূহলী হয়ে ধানখেতের দিকে এগিয়ে গেলে তিনি দেখতে পান, ধান গাছের মাঝখানে কাপড়বিহীন পড়ে আছে একটি নবজাতক।
এ সময় রাস্তা দিয়ে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন একই গ্রামের হালিম। উজ্জ্বল তাকে ডেকে বিষয়টি জানালে দুজনে মিলে শিশুটিকে উদ্ধার করেন। পরে হালিম শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গেলে তার স্ত্রী মজিদা শিশুটিকে বুকে তুলে নেন এবং একটি জামা পরান।
হালিম তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি সদ্য জন্মগ্রহণ করেছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।
হাসপাতালে শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন হালিমের দাদী রহিমা খাতুন (৭০)। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, কোন মায়ের গর্ভে জন্ম নিল এ বাচ্চা, আর কেনই বা এভাবে ফেলে রেখে গেল। এটা মনে হলে বুকটা কেঁপে ওঠে।