শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, ইতঃপূর্বে শিক্ষাঙ্গণকে নকলমুক্ত করার মত এবার তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা।
তারা দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ বেশকিছু পরিকল্পনা মন্ত্রীর কাছে পেশ করেন। শিক্ষামন্ত্রী দক্ষ জাতি গঠনের তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ড. এহসানুল হক মিলন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) এর পরিচালক হিসেবে এক বছর নেতৃত্ব দিয়েছেন। তার দায়িত্বকালে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে পেশাভিত্তিক দক্ষতা অর্জনে বিভিন্ন পরিকল্পনা ও কারিকুলাম প্রবর্তন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মতবিনিময়কালে তারা দেশে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা অর্জন এবং শিক্ষা জীবন শেষে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আলোচনার শুরুতে ইউসিএসআই ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়। কর্ম ব্যস্ততার মধ্যে সময় দেয়া এবং ধৈর্যসহকারে বক্তব্যে শোনার জন্য মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। দক্ষ জাতি গঠনে মন্ত্রীর পরিকল্পনা ও যে কোন উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তারা আশা করেন আগের মেয়াদে শিক্ষাঙ্গণ নকলমুক্ত করতে ড. এহসানুল হক মিলন যেভাবে সফল হয়েছেন তেমনিভাবে এই মেয়াদে দক্ষ জাতি গঠনের কাজেও শিক্ষামন্ত্রী সফল হবেন।