Image description

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামের অসহায় ভ্যানচালক মো. সালাউদ্দিনকে একটি নতুন ভ্যানগাড়ি উপহার দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার গৌরীপুর মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ভ্যানটি সালাউদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে সালাউদ্দিনের জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। এতে পাঁচ সন্তানের জনক এই ভ্যানচালক পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েন এবং আয়-রোজগারের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন।

বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ান ছাত্রদল নেতা আসিফ কবির। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সালাউদ্দিনকে একটি নতুন ভ্যানগাড়ি কিনে দেন।

 

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত সালাউদ্দিন বলেন, ভ্যান চুরি হওয়ার পর তিনি খুবই অসহায় হয়ে পড়েছিলেন এবং পরিবারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। নতুন ভ্যান পেয়ে আবার কাজ শুরু করার সুযোগ পেয়েছেন বলে তিনি আসিফ কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

স্থানীয়রা জানান, সমাজে এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক দরিদ্র পরিবার নতুন করে বাঁচার আশা পাবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।’

গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরী বলেন, ‘আসিফ কবির রাজনীতির পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।

তার এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়।’

 

এ বিষয়ে আসিফ কবির বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। মানুষের জন্য কিছু করতে পারলেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করি।’