লেবাননে হামলা চালিয়ে চারজন কূটনীতিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তারা বৈরুতে নিযুক্ত ইরানের কূটনীতিক। হামলার সময় রাজধানীর একটি হোটেলে অবস্থান করছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের বরাতে এ তথ্য জানিয়েছে ইসলামী রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সমর্থিত সংবাদ সংস্থা ফার্স।
নিহতরা হলেন—দ্বিতীয় সচিব মাজিদ হাসানী কান্দসার, তৃতীয় সচিব আলিরেজা বি-আজার, অ্যাটাশে হোসেইন আহমেদলু এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ রাসুলি।
রয়টার্স এক প্রতিবেদনে বলছে, লেবাননে ইসরায়েলের হামলায় চার কূটনীতিক নিহতের তথ্যটি নিশ্চিত করেছে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এ ঘটনায় তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি লিখেছেন। আর সেখানেই নিজেদের কূটনীতিক নিহতের তথ্যটি উপস্থাপন করেছেন আমির সাইদ।
এতে তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃত ইসরায়েলি হামলায় ওই কূটনীতিকরা নিহত হয়েছেন। তাদের লক্ষ্যবস্তু করে রোববার ভোরে বৈরুতের রামাদা হোটেল বৈরুতে এই হামলা চালানো হয় বলে ফার্স জানিয়েছে।