Image description

রাজধানীর এক কলেজ শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামি মোহাম্মদ নুরুজ্জামান মিঠু আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদের আদালত তার এ স্বীকারোক্তি রেকর্ড করেন। এছাড়া এদিন এ মামলায় গ্রেপ্তার অপর মোহাম্মদ সাকিব উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি নুরুজ্জামান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জ্ঞাপন করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ মশিউল আলম তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। একই সাথে অপর আসামি সাকিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন বিচারক। অপরদিকে সাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে রবিবার হাতিয়ার তমরুদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে ধর্ষণের শিকার হন ১৭ বছরের ওই কলেজছাত্রী। এ ঘটনায় সোমবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় সাকিব ও নুরুজ্জামানের নামে মামলা করেন ভুক্তভোগীর ভাই।