Image description

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছাবে।

পার্বতীপুর রেলহেড ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৯ মার্চ) বিকেল থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির লক্ষ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করা হয়। রাজনৈতিক কর্মসূচি বা অন্য কোনো কারণে রেলপথ ও সড়কপথে জ্বালানি পরিবহনের ঝুঁকি এড়াতে ভারতের আসামের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে।

চুক্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এ পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডিজেল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিজস্ব অর্থায়নে এবং বাকি অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এদিকে একই পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসের মধ্যে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বিপিসি।

এর আগে পাইপলাইনের মাধ্যমে ভারত ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে এক লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে।