রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারীর সৈয়দপুরের মেয়ে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যার মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়, অপরজন হলেন শেখ রাকিবুজ্জামান।
আয়েশা সিদ্দিকা অনন্যার বাড়ি সৈয়দপুর শহরের বিমানবন্দর পূর্বপাড়ায়। তার বাবা আব্দুল হান্নান পেশায় একজন অটোরিকশা চালক।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এর আগে সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এল এ প্লাজা নামে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১ তলা ভবনটির চতুর্থ তলায় একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মুহূর্তেই ভবনজুড়ে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ ওপরের দিকে ছুটতে থাকেন এবং ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিস সদস্যরা ছাদ থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।