ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ২২৭৩টি ফৌজদারি ও ১৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেপ্তার ৩৭০৬ জনের মধ্যে ২১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৩৭০৬ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২২৭৩টি মামলা নিষ্পত্তি করে।
অন্যদিকে ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ১৮৩৩টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩৫৯ সহ সর্বমোট ১৭৭৮টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।