ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ নৌপথে অনিশ্চয়তার প্রভাব ইতোমধ্যে তেলের দামে প্রতিফলিত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (৪ মার্চ) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১১ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৩৭ ডলারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই মূল্যবৃদ্ধি। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে হামলা ও ট্যাংকার চলাচলে বিঘ্নের কারণে বাজারে উদ্বেগ বাড়ছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি এই প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে নৌ-এসকর্ট দেওয়ার ইঙ্গিত দিলেও বাজারে অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের আমদানি ব্যয় আরও বাড়তে পারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
শুধু জ্বালানি নয়, সামগ্রিক আমদানি-রফতানি বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার কারণে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ঝুঁকি এড়াতে রুট পরিবর্তন বা বুকিং স্থগিত করছে। একইভাবে কিছু এয়ারলাইনও আকাশপথে বিকল্প রুট ব্যবহার শুরু করেছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, যা শেষ পর্যন্ত পণ্যমূল্যে প্রভাব ফেলতে পারে।
ব্যবসায়ী নেতারা বলছেন, কাঁচামাল আমদানিতে বিলম্ব হলে তৈরি পোশাকসহ রফতানিমুখী খাতগুলো চাপের মুখে পড়তে পারে। অপরদিকে আমদানি ব্যয় বাড়লে ডলার চাহিদা বাড়বে, যা বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে বাংলাদেশের জন্য তা কেবল জ্বালানি ব্যয়ের চাপই নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
আকাশপথে কার্গো সংকট, পণ্য আটকা
যুদ্ধ শুরুর পর কাতার, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন ঢাকা থেকে কার্গো পরিবহন স্থগিত করেছে। ফলে তৈরি পোশাকসহ প্রায় ১ হাজার ২০০ টনের বেশি রফতানি পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ঢাকা থেকে যেসব এয়ারলাইন এখনও চলাচল করছে, তারাও কার্গো বহন সীমিত করছে। এতে জরুরি চালান, বিশেষ করে ঈদ-পূর্ব ছোট আকারের পোশাক রফতানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে ক্রেতারা আপাতত পণ্য পাঠাতে নিষেধ করছেন।
সমুদ্রপথে বুকিং বন্ধ, হাজারের বেশি কনটেইনার আটকা
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার পর মধ্যপ্রাচ্যগামী কনটেইনার পরিবহনের নতুন বুকিং স্থগিত করেছে শিপিং লাইনগুলো। এর ফলে চট্টগ্রাম বন্দর, বেসরকারি কনটেইনার ডিপো, শ্রীলঙ্কার কলম্বোসহ বিভিন্ন বন্দরে এক হাজারের বেশি কনটেইনার আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের বৃহৎ শিপিং কোম্পানি মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদের শত শত কনটেইনার আটকে আছে এবং নতুন বুকিং নেওয়া হচ্ছে না।
আটকে থাকা কনটেইনারে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত মাছ, পানীয়, প্লাস্টিক পণ্যসহ নানা ধরনের রফতানি সামগ্রী রয়েছে। দীর্ঘ সময় ধরে এই অচলাবস্থা চললে ছোট ও মাঝারি রফতানিকারক প্রতিষ্ঠানগুলো বড় আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
হরমুজ প্রণালির গুরুত্ব ও বাংলাদেশের ঝুঁকি
পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল পরিবহন হয়। ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ এই পথনির্ভর।
বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই দেশগুলো থেকে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। একই সময়ে রপ্তানি হয়েছে প্রায় ৭৫ কোটি ডলারের পণ্য।
বাংলাদেশের আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানির প্রায় ৯০ শতাংশই এই রুট দিয়ে আসে। ফলে প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানি সরবরাহে বড় চাপ তৈরি হতে পারে।