দেশ আবারও স্বৈরতন্ত্রের দিকে যাওয়ার প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধাবার (৪ মার্চ) সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপির সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র থেকে দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কি না সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুদক এবং বাসসের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, গণঅভ্যুত্থান-পরবর্তী করণীয় ঠিক করতে অনেক ভুল করেছি আমরা। সেজন্য আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারোদলীয় জোটের সিলেট বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।