বাংলাদেশের ক্রিকেটে আবারও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তিনি জানিয়েছেন, সাকিবের আইনি জটিলতা কাটিয়ে মাঠে ফেরানোর বিষয়ে বিসিবি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।
বুধবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, বিষয়টি ইতোমধ্যে বিসিবি থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আইনি দিকগুলো নিয়ে বিসিবির লিগ্যাল টিমও কাজ করছে।
তিনি বলেন, ‘বিসিবির তরফ থেকে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় কাজ করছে, পাশাপাশি আমাদের লিগ্যাল টিমও বিষয়টি দেখছে। সাকিবের আইনি বিষয়গুলো নিয়ে যে জটিলতা ছিল, সেগুলো সমাধান করে তাকে আবার খেলায় ফেরানোর জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে।’
সাকিবের দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী খুব দ্রুতই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরাও সেই অপেক্ষায় আছি।’