ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার ওই দাবি করেছে গোষ্ঠীটি।
বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের দক্ষিণ-পূর্বে অবস্থিত ‘তেল হাশোমার ঘাঁটি’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফের সদরদপ্তর হিসেবে ওই ঘাঁটিটি ব্যবহার করা হতো।
লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী বলেছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে ওই হামলা চালানো হয়েছে। বৈরুতের দক্ষিণে লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ‘ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের’ জবাবে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, লেবানন থেকে ইসরায়েলের দিকে কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা গেছে। তবে সেগুলোর ‘বেশিরভাগই’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।
এদিকে, হিজবুল্লাহর হামলা জোরদার হওয়ায় সীমান্ত লাগোয়া লেবাননের অন্তত ছয়টি শহরে কয়েক কিলোমিটার এলাকার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ওই সব এলাকায় হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে ইসরায়েল।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাজিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে কুর্দিস্থানে ইরান-বিরোধী গোষ্ঠীর ওপর হামলা চালানোর তথ্য জানিয়েছে আইআরজিসি।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরাকের কুর্দিস্তানে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে কোমালা এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদরদপ্তরে সফলভাবে আঘাত হানা হয়েছে।
গত মাসে ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি-বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছিল। তাদের এই জোটের লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।
এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই ইরানে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরান-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করেছে। এই সদস্যরা ইরানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: এএফপি।