Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে নিহত ইরার পরিবারের সঙ্গে দেখা করে এ নির্দেশের কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

মীর হেলাল সাংবাদিকদের বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে নাড়া দেয়। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। অপরাধীদের বিচারের আওতায় আনতে যা প্রয়োজন, সবকিছুই করা হবে।

তিনি আারো বলেন, ভবিষ্যতে যেন কেউ এমন নৃশংসতার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আমাদের মানসিকভাবে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকব।

শিশু–কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, তারা যেন ভয়হীনভাবে খেলতে পারে, বেড়ে উঠতে পারে সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

গত সোমবার সীতাকুণ্ড পৌরসদরের ইকোপার্ক এলাকায় গলা কাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে মারা যায় শিশু ইরা।

এ ঘটনায় অভিযুক্ত বাবু শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত পরিবারের সদস্য এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির মৃত্যু এলাকাবাসীকেও স্তব্ধ করে দিয়েছে।

পুলিশ বলছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে একাধিক দল মাঠে কাজ করছে।

শীর্ষনিউজ