ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা একটি মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে এই মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ঘটনাটি নতুন করে সামরিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।
এর আগে গত সোমবার ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স একটি ঘোষণা দিয়েছিল। সেখানে দাবি করা হয়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেই সময় থেকেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করে, যেখানে দেখা যায় যুদ্ধবিমানের পাইলটরা প্যারাশুট ব্যবহার করে নিরাপদে ভূমিতে অবতরণ করছেন।
তবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এই দাবি নিয়ে ভিন্নমত পোষণ করেছে কুয়েত ও যুক্তরাষ্ট্র। উভয় দেশই দাবি করেছে যে, ইরানের হামলায় নয় বরং ‘ফ্রেন্ডলি ফায়ারে’ বা ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে কুয়েতে এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তারা নিশ্চিত করেছে যে, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং ‘পাইলটেরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।’ তাসনিম নিউজ এজেন্সির এই প্রতিবেদনের প্রেক্ষিতে এখন পর্যন্ত পেন্টাগন থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।