গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি ও এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১১টার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। বিএনপি ও ছাত্রদল নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। কাগজপত্র না দেখালে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।
মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন ও হামলা করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। ঘটনার পর সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাঘাটা থানায় ২ লাখ টাকার চাঁদার দাবির লিখিত অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছে গাইবান্ধা গোয়ান্দা পুলিশ (ডিবি)।