Image description

দুর্নীতি করলে দল বা ব্যক্তি কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ দখলদারিত্ব বা অসাংগঠনিক কার্যকলাপে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৪ মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন সভা-সমিতি ও সংগঠন দখলে আমার দলের নাম এসেছে, এ কথাটি অস্বীকার করা যাবে না। বিষয়টি আমি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করে দেখছি। যদি অসাংগঠনিক কিছু হয়ে থাকে, সেটি দলের কিংবা বাইরের যাই হোক না কেন, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘তারেক সাহেব বলেছেন, আমরা এখন ক্ষমতায়, এর মানে হলো আমরা এখন জনগণের সেবক। আমাদের দায়িত্ব বেড়েছে। দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সেটি আমাদের দলের হলেও বরদাস্ত করা হবে না।’

পার্বত্য অঞ্চলে পর্যটনের বিষয়ে দীপেন দেওয়ান বলেন, ‘শুধু দেশীয় পর্যটকের ওপর নির্ভর করলে চলবে না। পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটক আসলেই বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে, যা পর্যটনের জন্য ইতিবাচক। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করা হবে।’ পাশাপাশি পর্যটন বিকাশে সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্নতার বিষয়েও জোর দেয়ার কথা জানান মন্ত্রী।

সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শীর্ষনিউজ