সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।
এরকম দাবি সম্বলিত সংবাদ প্রতিবেদন দেখুন বাংলাদেশ টাইমস, নাগরিক টিভি এবং ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
কিন্তু যাচাই করে দেখা গেছে, দাবিটি সত্য নয়। কিম জং উনের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে উক্ত দাবি সম্বলিত পোস্ট প্রথম খুঁজে পাওয়া যায় China.live নামে একটি এক্স-হ্যান্ডেলে। গত ৩ মার্চ রাত ১টা ২৫ মিনিটে করা ওই পোস্টে বলা হয়, “Kim Jong Un: 'If Iran asks, we will provide it with missiles against Israel. One missile is enough to erase it.'” তবে এই মন্তব্যের কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। China.live নামে কোনো সংবাদমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এটি শুধু একটি এক্স হ্যান্ডেল। এছাড়াও একই পোস্টটি কপি করে ৪টা ৭ মিনিটে Chinavtv নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। এখানেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। Chinavtv নামে কোনো সংবাদমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এটি শুধু একটি ফেসবুক পেইজ। এসব ছাড়া অন্য কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যমে কিম জং উনের এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
তবে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ–এর ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতি খুঁজে পাওয়া যায়। গত ১ মার্চ প্রকাশিত ওই বিবৃতিতে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থনে চালানো হয়েছে বলে অভিযোগ করে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া ওই বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও অবৈধ আগ্রাসন হিসেবে আখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আধিপত্যবাদী’ নীতির তীব্র সমালোচনা করে বলা হয়, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাকে আরও বিপন্ন করবে। সংশ্লিষ্ট দেশগুলোকে পরিস্থিতি শান্ত করতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বিবৃতির কোথাও ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট — এধরনের বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ কিম জং উন ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট — এমন মন্তব্য করেছেন বলে যে দাবি করা হচ্ছে সেটি সত্য নয়।