Image description

বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

 

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে ২৩০টি ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে তারা। এদিকে সংঘাতে নিহত প্রথম চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা

আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সংস্থাটি আগে থেকেই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিয়ে আসছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী মোতায়েন করতে তিনি প্রস্তুত।

 

ইরানের বার্তাসংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে চালানো ১৭তম দফার হামলায় তারা ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

সংস্থাটি আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান করা বিভিন্ন স্থাপনায় তারা ২৩০টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ইরাকের এরবিলে একটি ঘাঁটি এবং কুয়েতে আলি আল সালেম বিমানঘাঁটি ও ক্যাম্প আরিফজানও অন্তর্ভুক্ত রয়েছে।

 

আইআরজিসির ভাষ্য, এসব হামলা চলমান যুদ্ধে তাদের ‘প্রথম শক্তিশালী পদক্ষেপগুলোর’ একটি।

অন্যদিকে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর নিহত প্রথম চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। নিহতরা হলেন- ক্যাপ্টেন কোডি এ খর্ক,
সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল টিটজেন্স, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম আমোর এবং সার্জেন্ট ডেকলান জে কোডি।