Image description

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে গভীর রাতে লুটপাট শেষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে মন্দিরের আসবাবপত্র ও ধর্মীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানা গেছে।

রবিবার(১ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মনোরঞ্জন ডাক্তার বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।

 

​বাড়ির বাসিন্দা প্রিয়াংকা ভৌমিক কালের কন্ঠকে বলেন, ‘গভীর রাতে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে প্রথমে ভেতরের মূল্যবান সামগ্রী লুটপাট করে। এরপর তারা মন্দিরের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। রাতে আগুনের শিখা ও ধোঁয়া দেখে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।’

তিনি আরো বলেন, ‘স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে মন্দিরের ভেতরের আসবাব ও ধর্মীয় সরঞ্জামাদি ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক, সদস্যসচিব আশীষ দত্ত, সভাপতি শুকদেব নাথ তপন ও সেক্রেটারি লিটন সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম কালের কন্ঠকে বলেন, ‘খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ঘটনার আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। কালের কণ্ঠ