নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টাকালে তিন নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাদের দড়ি দিয়ে হাত বেঁধে ঘরে আটকে নির্যাতন করেন ওই পরিবারের লোকজন এবং স্থানীয়রা। এমনকি কেটে ফেলা হয় তাদের মাথার চুল।
সোমবার (২ মার্চ) সকালে রূপগঞ্জের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন নারীকে হেফাজতে নেয়।
আটক তিন নারী হলেন—কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানাধীন দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকালে ডহরগাঁও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করে স্বর্ণের চেইন চুরি করতে গেলে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কেটে ফেলা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আটক তিন নারীকে হেফাজতে নেয়।
তিনি বলেন, চুরির অপরাধে আইনগতভাবে শাস্তি দেওয়ার বিধান আছে। তবে সেটা কেউ হাতে তুলে নিতে পারবে না। এমনকি বেঁধে মারধর ও মাথার চুল কেটে ফেলা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আমরা তিন নারীকে পুলিশের হেফাজতে নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।