Image description

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে রোববার চতুর্থ দিনের মতো জেরা করছে আসামিপক্ষ। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম করে খুনের মামলায় বিচার চলছে জিয়াউল আহসানের।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলছে বিচারিক কার্যক্রম।

এর আগে, আদালতে ইকবাল করিম ভুইয়া তাঁর সাক্ষ্যে বলেছিলেন সিরিয়াল কিলারের অভিযোগ থাকায় জিয়াউলকে প্রোমোশন দিতে চাননি তিনি।

এদিকে একই ট্রাইব্যুনালে, জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে।

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

একই ট্রাইব্যুনালে হবে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।