Image description

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলে হামলার জেরে মধ্যপ্রাচ্যমুখী ৩০-৩১টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন প্রবাসগামী শ্রমিকরা। শ্রমিকদের পাশে দাঁড়াতে রাতভর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান করেছেন সরকারের একাধিক মন্ত্রী ও জনপ্রতিনিধি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে বিমানবন্দরে উপস্থিত থেকে মধ্যপ্রাচ্যমুখী শ্রমিক ও যাত্রীদের খোঁজখবর নেন।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ) মো. হুমায়ুন কবির দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করেন। তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সারারাত বিমানবন্দরে থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালান।

পরবর্তীতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও স্থানীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বিমানবন্দরের পার্শ্ববর্তী খিলক্ষেত, উত্তরা ও আশকোনা এলাকায় শ্রমিকদের জন্য বরাদ্দ আবাসিক হোটেলগুলো পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত প্রবাসগামী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।