দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসা শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ দেওয়া উচিত নয়; বরং তাদের গবেষণা ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।
রোববার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়–এর রেসিডেন্সি প্রোগ্রামে নবভর্তি চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি তাদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধ করব, তাদের ওপর পলিটিক্সের কোনো চাপ বা প্রভাব সৃষ্টি করবেন না। কীভাবে গবেষণায় আরও মনোযোগ দেওয়া যায়, সে পরিবেশ তৈরি করতে হবে।’
চিকিৎসা পেশায় নিরন্তর শেখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বই পড়লেই হবে না। রোগী দেখতে দেখতে, চিকিৎসা করতে করতে শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হতে হবে। রোগীদের সঙ্গে ভালো আচরণ ও হাসিখুশিভাবে কথা বলাও চিকিৎসার অংশ।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যান। এর পেছনে কেবল চিকিৎসা-সুবিধার ঘাটতি নয়, চিকিৎসকদের আচরণও একটি কারণ হতে পারে। তাই রোগীকেন্দ্রিক সেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের স্বাস্থ্য খাতে উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সরল জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। মলিকুলার ল্যাব স্থাপন, চিকিৎসকদের আবাসন-ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়–এর ৬৬ একর প্রকল্প বাস্তবায়নেও আগ্রহের কথা জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দায়িত্ববোধ শুধু দেশ ও জনগণের জন্য নয়, নিজের পেশাগত উৎকর্ষের সঙ্গেও জড়িত। তিনি বলেন, ‘মানুষের প্রতি মমত্ববোধ নিয়ে কাজ করতে হবে। ক্লিনিক্যালি দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ হিসেবে লাইফ লং লার্নিংয়ের ধারায় থাকতে হবে।
শীর্ষনিউজ